সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০২৬-২৭ অর্থবছরের হোল্ডিং ট্যাক্স বাবদ ৮৭ লাখ ৮৭ হাজার ৯৫২ টাকা পরিশোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেট।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর সাড়ে ১২টায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর হাতে এই অর্থ পরিশোধের চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
চেক হস্তান্তরকালে রেজিস্ট্রার শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলামের পক্ষ থেকে সিসিক প্রশাসককে ধন্যবাদ জানান। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ১ কিলোমিটার রাস্তার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করায় তাকেঁ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে সড়কটির কাজ দ্রুত শুরু করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থার কাজ সম্পন্ন করার জন্য সিসিক প্রশাসকের প্রতি অনুরোধ জানানো হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী এবং অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) মো. ফয়ছল আহমদ।
অন্যদিকে, সিলেট সিটি করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার এবং প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব।