নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটের তামাবিল রোড এলাকায় চোরাকারবারি সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক রাজন আহমেদ আরিয়ানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিলেট সদর উপজেলার ৪ নম্বর খাদিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সায়েম ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
হামলায় আহত সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত ১২ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে তামাবিল রোডের একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান। এ সময় ৪ নম্বর খাদিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সায়েমের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক রাজনকে এলোপাতাড়ি মারধর করেন এবং তাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেছেন।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল ইবনে সিনায় ভর্তি করা হয় বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। তামাবিল রোডের চোরাকারবারি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সায়েম ও তার লোকজন আমার ওপর হামলা করে। তারা আমাকে হুমকি দিয়ে বলেছে, এসব নিয়ে সংবাদ প্রকাশ করলে প্রাণে মেরে ফেলবে।”
তবে এ অভিযোগের বিষয়ে ৪ নম্বর খাদিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সায়েমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।