
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী।
সিলেটের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত নারী নেতৃত্বের একজন সামিয়া চৌধুরী। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। সিলেট সরকারি মহিলা কলেজের নির্বাচিত জিএস ও পরবর্তীতে ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ২০১৯ সালে কেন্দ্রীয় মহিলা দলের কমিটিতেও সহ-সভাপতি হিসেবে তাঁর নাম প্রকাশিত হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সিলেটে মহিলা দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কথাও বিভিন্ন সময় সংবাদমাধ্যমে এসেছে। সাম্প্রতিক সময়েও সংরক্ষিত নারী সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় ছিল।
এবার সেই সম্ভাবনার বাইরে সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে সরাসরি নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছেন সামিয়া চৌধুরী। তাঁর ভাষ্য, নগরীর ৪২টি ওয়ার্ডের মানুষের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক যোগাযোগকে কাজে লাগিয়ে তিনি নগরবাসীর জন্য কাজ করতে চান।
সামিয়া চৌধুরী বলেন, ছাত্রজীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করে আসছেন। বিএনপির দুর্দিনে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নগরীর ১৯নং ওয়ার্ডের রায়নগরে জন্ম ও বেড়ে ওঠা সামিয়া চৌধুরী পরবর্তীতে বৈবাহিক সূত্রে ১৪নং ওয়ার্ডের ছড়ারপারে বসবাস করেন। বর্তমানে তিনি ১৮নং ওয়ার্ডের কুমারপাড়ায় বসবাস করছেন।
বিএনপি তাঁকে মনোনয়ন দিলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে একজন নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সামিয়া চৌধুরী।
তবে শেষ পর্যন্ত মেয়র পদে দলীয় মনোনয়ন কে পাবেন, তা নির্ভর করবে বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।