
এবার শিক্ষার্থীদের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষা এবং শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসকের কাছে সংগঠনটি পৃথক স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে কনসার্টকে কেন্দ্র করে অতীতের বিভিন্ন সংঘাত ও বিশৃঙ্খলার কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করা হয়। অন্যদিকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ওবায়দুল হক জানান, বিষয়টি তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন। তিনি স্পষ্ট করেন, এটি কোনো বিশৃঙ্খল আয়োজন নয়; নবীনবরণ ও বৃক্ষরোপণের পাশাপাশি স্বাভাবিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে। প্রশাসন নির্দেশনা দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।